দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে খাদ্যে ভেজাল দেওয়ার অভিযোগে দুই তিল ব্যবসায়ীকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ জুন) দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পরিচালিত অভিযানে অভিযুক্ত দুই ব্যবসায়ী হলেন জামালপুর বাজারের মোহাম্মদ শহীদুল ইসলাম বিশ্বাস (৬২) ও আব্দুল হাই বিশ্বাস (৫৫)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অতিরিক্ত মুনাফার আশায় সাদা তিল রাসায়নিক রং ব্যবহার করে কালো রং করে বাজারজাত করছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহীদুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৯ বস্তা রং করা তিল জব্দ করা হয়।
এ সময় অপর ব্যবসায়ী আব্দুল হাই বিশ্বাসের বাড়ি থেকে তিল রং করার কাজে ব্যবহৃত এক বোতল রং ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরে জব্দ করা তিল বহরপুর বাজারে মাসুম মণ্ডলের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নিয়ে আসা হয়। ভ্রাম্যমাণ আদালতের সামনে দুই ব্যবসায়ী নিজেদের দোষ স্বীকার করলে আদালত তাদের দোষী সাব্যস্ত করেন।
আদালত প্রত্যেককে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসনের রাজস্ব ডেপুটি কালেক্টর (আরডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. আসিকুর রহমান।
অভিযানে সহযোগিতা করেন রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আসিফুর রহমান, বালিয়াকান্দি উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর পনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জে আই